বাহুবলে ১৫ আগস্টের কর্মসূচি পালন ও প্রচারের অভিযোগে মামলা দায়ের
রাজনীতি
প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নামে ১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি পালন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে বাহুবল থানার কর্তব্যরত কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন। বাহুবল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতার মামলার বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট বাহুবল বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নামে একটি কর্মসূচি আয়োজন করা হয়। ‘নজরুল ইসলাম হেলাল’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে ওই কর্মসূচি–সংক্রান্ত প্রচার চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. ইকতার বলেন, ‘১৫ আগস্ট তারিখে কর্মসূচি পালন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের অভিযোগে শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।’
বাহুবল, ১৫ আগস্ট, মামলা, আওয়ামী লীগ, সামাজিক যোগাযোগমাধ্যম, নজরুল ইসলাম হেলাল