রোটারি ক্লাব অব সিলেট নর্থের সেলাই মেশিন বিতরণ ও নতুন সদস্য বরণ
মানবিকতা
প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
সমাজের অনগ্রসর নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরানোর লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট নর্থ। একই অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার সিলেট নগরীর আম্বরখানায় হোটেল ক্রিস্টাল রোজে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি কাজী ওমর ফারুকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিপি ও অ্যাসিস্টেন্ট কোঅর্ডিনেটর (এডমিন) সেলীনা চৌধুরী।
তিনি সুবিধাভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং ক্লাবের নতুন সদস্যদের রোটারি পিন পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলীনা চৌধুরী বলেন, নারীদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলা সমাজের সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। রোটারি ক্লাব অব সিলেট নর্থের এই উদ্যোগ অনগ্রসর নারীদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। পাশাপাশি নতুন সদস্যদের অন্তর্ভুক্তিতে ক্লাবের সামাজিক সেবা কার্যক্রম আরও বেশি সম্প্রসারিত ও গতিশীল হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লাব সভাপতি কাজী ওমর ফারুক বলেন, মানবতার কল্যাণ ও টেকসই সমাজ গঠনই রোটারির মূল লক্ষ্য। অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে রোটারি ক্লাব অব সিলেট নর্থ সবসময় জনহিতকর কাজের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব সেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ সুমন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জীবন আলম হাওলাদার, ক্লাবের আইপিপি ও ডিস্ট্রিক্ট- (ডি৬৫)-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডমিন) তুহিন আহমদ, পিপি ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার, ক্লাব সদস্য হাফিজ মোহাম্মদ শরীফ উদ্দিন, বিষ্ণু চরন কর্মকার, তানভীর আহমদ তামিম, সৈয়দ খুবায়ের ও নাসির আহমদ সিরাজি।
সেলাই মেশিন বিতরণ, আত্মকর্মসংস্থান, রোটারি ক্লাব, নতুন সদস্য বরণ, সামাজিক সেবা, নারী উন্নয়ন