১৭ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার উচ্চশিক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে: রিজভী

বাসস

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন


জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী।


রোববার (১৬ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।


রিজভী আহমেদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সময়ের চাহিদা ও শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মমুখী যেসব উদ্যোগ গ্রহণ করেছে, তা অভূতপূর্ব ও সময়োপযোগী।’


তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার উদ্যোগগুলোর সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। এই বিশাল পরিসরে শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব হলে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।’


রিজভী বলেন, জুলাইয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বহুদলীয় গণতন্ত্রকে এমনভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে। অতীতে যে ধরনের দুঃশাসন ও কর্তৃত্ববাদী কর্মকাণ্ড হয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি না করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


অধ্যাপক আমানুল্লাহ বলেন, দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত হলেই জুলাই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন হবে।


তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘কোয়ালিটি এডুকেশন’, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভাষা শিক্ষাসহ দক্ষতাভিত্তিক আধুনিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।


অতীতের অনিয়ন্ত্রিত অনার্স-মাস্টার্স কোর্স নিয়ন্ত্রণে এনে গত দুই বছরে শিক্ষায় শৃঙ্খলা ও মান ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা, শিক্ষাব্যবস্থা, শিক্ষার মান, গণতন্ত্র, রিজভী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ