১৭ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

সংসদীয় এলাকার স্বাস্থ্য খাতের সংকট নিরসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এমপি কয়ছরের

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ৭:১২ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, এতো অল্প সময়ে মাত্র ৬ মাসে বাংলাদেশের ইতিহাসে এতো জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিল না। আমাদের প্রধানমন্ত্রী নিজেকে উপস্থাপন না করে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। 


রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরগাপাশা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওষুধ সরবরাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কয়ছর বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দেশকে পরিচালনা করছেন, সবার আগে বাংলাদেশ স্লোগানকে বাস্তবে ধারন করে কাজ করে যাচ্ছেন। 


তিনি বলেন, আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেটেই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার এই উদ্যোগ নিয়েছে। সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের সিদ্ধান্ত নিয়েছে। সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরপরেই শিক্ষাখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছে। 


তিনি বলেন, সরকার ও জনগণের সমন্বয়েই আমাদের দেশ এগিয়ে যাবে। আপনারা আন্তরিকতার সাথে ইউনিয়ন পরিষদকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং ইউনিয়ন পরিষদ যেভাবে আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। 


এ সময় তিনি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের স্বাস্থ্য খাতে চিকিৎসক, নার্স, ওষুধসহ সব ধরনের সংকট নিরসনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।


দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর। 


অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ললিত মোহন দাস, মাসুক আলী, কুটি মিয়া, সুমন মিয়া, গোলাম কিবরিয়া, আবুল হোসেন, লোভা রাণী দাস, সুহেনা বেগম বিএনপি নেতা দিলদার চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী, শ্যামল চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সংসদ সদস্য, মোহাম্মদ কয়ছর আহমদ, স্বাস্থ্য খাত, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দরগাপাশা ইউনিয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ