১৭ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

লটারির মাধ্যমে গণপূর্তে সিলেটে ১৬ প্রকোশলীর বদলি-পদায়ন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ৮:১১ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন কার্যালয়ে পদায়ন পেয়েছেন ১৬ জন প্রকৌশলী।


রোববার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে এসব বদলি ও পদায়ন সম্পন্ন হয়।


লটারিতে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে সিলেট বিভাগে ৭ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে। একইভাবে উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে সিলেট বিভাগে পদায়ন পেয়েছেন আরও ৯ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে ১৬ জন প্রকৌশলী নতুন কর্মস্থল পেয়েছেন।


সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে লটারির মাধ্যমে মোট ২১৯ জনকে বিভিন্ন কার্যালয়ে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১০০ জন, রাজশাহীতে ২০, চট্টগ্রামে ৩৪, খুলনায় ২০, বরিশালে ১২, সিলেটে ৭, ময়মনসিংহে ৯ এবং রংপুরে ১৭ জনকে পদায়ন করা হয়।


অন্যদিকে উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে মোট ১৯০ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৭৯ জন, রাজশাহীতে ১৮, চট্টগ্রামে ৩২, খুলনায় ২০, বরিশালে ১০, সিলেটে ৯, ময়মনসিংহে ৭ এবং রংপুরে ১৫ জনকে পদায়ন করা হয়েছে।


সহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী মিলিয়ে রোববার মোট ৪০৯ জন প্রকৌশলীর বদলি ও পদায়ন সম্পন্ন হয়।


গণপূর্ত অধিদপ্তর জানায়, বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যেই লটারির আয়োজন করা হয়েছে।


লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা।


এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে গত ৩০ জুলাই গণপূর্ত অধিদপ্তরে লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) বদলি-পদায়ন করা হয়। পরে গেল ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)কে বদলি করা হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

গণপূর্ত অধিদপ্তর, প্রকৌশলী, বদলি, পদায়ন, লটারি, স্বচ্ছতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ