
সরকার আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করতে পারে আগামী আগস্টে। তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচী ও সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। প্রচলিত রীতি অনুযায়ী শীতকালকে নির্বাচন আয়োজনের জন্য উপযোগী সময় হিসেবে বিবেচনা করা হয়। সেই পরিকল্পনা মাথায় রেখেই অক্টোবর থেকে নির্বাচন শুরু করার চিন্তা করা হচ্ছে।
জাহেদ উর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন একদিনে শেষ করা সম্ভব নয়। ধাপে ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রায় ১০ থেকে ১২ মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাই অক্টোবরে নির্বাচন শুরু হলে পুরো প্রক্রিয়া শেষ হতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে যে সংশয় তৈরি হয়েছিল, সে প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, একটি মহল প্রচার করছিল যে স্থানীয় সরকার নির্বাচন আর হবে না। কিন্তু বাস্তবে সে ধরনের কোনো সিদ্ধান্ত নেই। সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জাহেদ উর রহমান। এ বিষয়ে তিনি বলেন, দলটির কার্যক্রম চালানোর বিষয়টি এখন বিচারাধীন। আদালতের সিদ্ধান্তের ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সরকারের অবস্থান ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এ কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আদালতের রায়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, আগামী ৫ আগস্টের আগেই ‘জুলাই জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সে লক্ষ্যেই এগিয়ে চলছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গও উঠে আসে। সোমবার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনাই সরকারের প্রধান দায়িত্ব।
ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, তিনি ওই মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। তবে দেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
নির্বাচন থেকে আরো পড়ুন
ইউনিয়ন পরিষদ নির্বাচন, ইউপি নির্বাচন ২০২৬ , অক্টোবরে ইউপি নির্বাচন, নির্বাচন কমিশন, জাহেদ উর রহমান, তফসিল ঘোষণা, স্থানীয় সরকার নির্বাচন

