১০ জুলাই ২০২৬

নির্বাচন / স্থানীয় সরকার

উপজেলা নির্বাচন ঘিরে সুনামগঞ্জে সরব বিএনপি, আলোচনায় ৫৭ সম্ভাব্য প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন


নির্বাচন কমিশন আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দেওয়ায় সুনামগঞ্জ জেলাব্যাপী নির্বাচনী আলাপচারিতা বেড়েছে। ইউনিয়ন- পৌরসভার পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, এই আলোচনা রয়েছে চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রাম পর্যায়ের বৈঠকি আলোচনায়। বিরোধীদল জামায়াতে ইসলামী কিংবা নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের চেয়ে বিএনপি প্রার্থীরাই আওয়াজ দিচ্ছেন বেশি।


জেলার ১২ উপজেলায় কেবল সরকার দল বিএনপিরই ৫৭ জন প্রার্থী আলোচনায় রয়েছেন। নানাভাবে প্রচারণায় থাকার চেষ্টা করছেন তাঁরা। আগে ইউনিয়ন কিংবা পৌরসভা নির্বাচন হলে এই সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ পৌরসভা বা ইউনিয়নেও প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে।


সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, নাদীর আহমদ, সেলিম উদ্দিন ও মো. মুনজ্জির সুজন এবং শ্রমিক নেতা যুবদলের সোহেল আহমেদের নাম আলোচনায় রয়েছে।


বিশ্বম্ভরপুর উপজেলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছবাব মিয়া, যুবদলের সাবেক সভাপতি সৈয়দ রমিজ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ ও সাবেক ছাত্রদল নেতা মোহন মিয়া বাচ্চু প্রার্থী হতে চান।


তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খসরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি আলমের নাম রয়েছে প্রচারণায়।


ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য মোতালেব খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, সদস্য মামুনুর রশিদ শান্ত নির্বাচন করতে পারেন বলে স্থানীয়ভাবে আলোচনা আছে।


মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও বিএনপি নেতা মাসুক মিয়ার নাম আলোচনায় বেশি।


জামালগঞ্জ উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি, সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাছুম মাহমুদ তালুকদার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, যুক্তরাজ্য বিএনপির দুই নেতা আবুল হাসনাত কয়েছ ও সাইফুল ইসলাম নানাভাবে প্রচারণায় আছেন।


শান্তিগঞ্জ উপজেলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকিকুর রহমান আকিক, প্রবাসী যুবদল নেতা সাদেক আহমদ ও যুক্তরাজ্য বিএনপির নেতা রেজাউল করিম জায়গীরদার রাজার নাম শোনা যাচ্ছে।


জগন্নাথপুর উপজেলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল পিপি, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আলোচনায় রয়েছেন।


দোয়ারাবাজার উপজেলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদের নাম রয়েছে আলোচনায়।


ছাতক উপজেলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুহুরায়রা ছুরত, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শামছুল ইসলাম নুনু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী এ জে লিমন, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুর রউফের প্রচারণা আছে।


দিরাই উপজেলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর আলী, যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রশিদ আহমদ চৌধুরী বাচ্চুর নাম প্রচারণায় রয়েছে।


শাল্লা উপজেলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গনেন্দ্র চন্দ্র সরকার, বর্তমান আহ্বায়ক সিরাজ মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ও উপজেলা বিএনপির প্রথম সদস্য মাহবুব সোবহানী চৌধুরী প্রার্থী হবার দৌড়ে রয়েছেন।


সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদে দলের একক প্রার্থী দেবার বিষয়ে আলোচনা হচ্ছে। এক্ষেত্রে বিগত সময়ে দলের প্রতি ত্যাগ এবং জনপ্রিয়তা বিবেচনায় এনে প্রার্থিতা করার বিষয়টি অগ্রাধিকার পাবে বলেই কথা হচ্ছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সুনামগঞ্জ বিএনপি, বিএনপির সম্ভাব্য প্রার্থী, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ