১৩ আগস্ট ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

গোয়াইনঘাটের সব সড়ক আরসিসি ঢালাইয়ে উন্নীত করা হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোম্পানীগঞ্জ হয়ে দুপুর ১২টার দিকে গোয়াইনঘাটে পৌঁছে বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।


পরিদর্শনকালে মন্ত্রী বলেন, গোয়াইনঘাটে সকল সড়ককে আরসিসি ঢালাই পর্যায়ে উন্নীত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে গোয়াইনঘাটের বিভিন্ন সড়কের নির্মাণকাজ শেষ করে জনচলাচল উপযোগী করে তোলা হবে।


পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সালুটিকর-বঙ্গবীর রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন এবং গুরুকচি-বঙ্গবীর রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন। এছাড়া তিনি গুরুকচি বাজার উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সোনারহাট-পিরিজপুর রাস্তার সংস্কার কাজও ঘুরে দেখেন।


পরিদর্শনকালে মন্ত্রী আগামী এক মাসের মধ্যে কাজের অগ্রগতি সম্পর্কে ফিডব্যাক দিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ, ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

প্রবাসীকল্যাণ মন্ত্রী, আরিফুল হক, গোয়াইনঘাট, সড়ক উন্নয়ন, আরসিসি ঢালাই, এলজিইডি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ