শমশেরনগর-তারাপাশা সড়কে সংস্কারের এক মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-এয়ারপোর্টসংলগ্ন রেলগেট হয়ে পতনঊষার ভায়া তারাপাশা সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে মাত্র এক মাস আগে। এরই মধ্যে সড়কটির বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সড়কের এমন দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, সংস্কারকাজের সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়ে তারা আপত্তি জানিয়েছিলেন। তবে তাদের অভিযোগ আমলে নেওয়া হয়নি। এখন এক মাস না যেতেই সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে যাওয়ায় তাদের সেই আশঙ্কাই সত্য হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির সাড়ে ৫ কিলোমিটার অংশ সংস্কার করা হয়। কাজটি করে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফুল এন্টারপ্রাইজ।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও হাত দিয়ে টান দিলেই পিচ উঠে আসছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সৃষ্টি হয়েছে গর্ত। বর্ষার পানিতে এসব গর্তে পানি জমে যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যানচালক ও যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও যানচালকদের অভিযোগ, সংস্কারকাজ চলার সময়ই সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্টরা তা গুরুত্ব দেননি।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, সড়কটির অবস্থা নিয়ে তিনি উপজেলা সমন্বয় সভায় কথা বলেছেন। সড়কটি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত ঠিকাদারের বিল পরিশোধ না করার জন্যও তিনি অনুরোধ করেছেন।
তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদার সোহেল আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, ম্যানুয়ালি কাজ করার সময় বিটুমিন অতিরিক্ত উত্তপ্ত হলে এর কার্যক্ষমতা কমে যেতে পারে। আবার বৃষ্টির সময় সড়কে পানি জমলেও কার্পেটিং ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, ঠিকাদারের এক বছরের সিকিউরিটি পিরিয়ড রয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমলগঞ্জ, মৌলভীবাজার, শমশেরনগর-তারাপাশা সড়ক, সড়ক সংস্কার, কার্পেটিং উঠে গেছে, এলজিইডি, সড়কের বেহাল দশা, নিম্নমানের কাজ, সড়ক সংস্কার অনিয়ম