১৩ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

চুনারুঘাটে মাদকসহ তিনজন আটক

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।


আজ র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আটক ব্যক্তিরা হলেন চাঁদপুর গ্রামের পরমেশ্বর তাঁতী (৪০), অরুণ তন্ত্রবায় (৫০) ও রাম তন্ত্রবায় (৪৫)।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে র‍্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল চুনারুঘাট বাজার এলাকায় অবস্থান নেয়। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে দেওরগাছ ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের পাকা রাস্তায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে জানতে পারে দলটি।


র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পাঁচটি বস্তা রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বস্তাগুলোতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। এরপর পাঁচটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনে রাখা এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।


এদিকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাঁদের এবং জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গাঁজা, মাদক কারবারী, আটক, র‍্যাব-৯, চুনারুঘাট, মাদকদ্রব্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ