১৩ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছাড়লেন মির্জা ফখরুল

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ২:৫১ অপরাহ্ন


বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পাওয়ার পর সংবিধান অনুযায়ী তিনি দলীয় পদ ছেড়েছেন।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন মির্জা ফখরুল। পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল দুপুর দুইটার দিকে তার মনোনয়নপত্র জমা দেয়। মির্জা ফখরুলের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাকে প্রার্থী করেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জোটটির নেতারা অলি আহমেদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন।


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট ভোট হবে।


একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির প্রয়োজন হচ্ছে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল।


তবে জাতীয় সংসদে বিএনপির দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা হলেও মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।


রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরে ২০১৬ সালে জাতীয় কাউন্সিলের মাধ্যমে মহাসচিব নির্বাচিত হন। দলের কঠিন রাজনৈতিক সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি, বিএনপি মহাসচিব, মির্জা ফখরুল পদত্যাগ, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি পদে প্রার্থী, তারেক রহমান, রুহুল কবির রিজভী, বিএনপি স্থায়ী কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ