২৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সীমান্তে পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) পুশ-ইন এবং মাদক অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন করতে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী জুলেখানগর চা-বাগানের নাটমন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।


সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, জুলেখানগর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জুলেখানগর চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহজাহান, স্থানীয় জনপ্রতিনিধি, বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ, চা-শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা।


সভায় বক্তারা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়।


বক্তারা জানান, সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা ও স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সীমান্তে পুশ-ইন ও মাদক অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।


সভায় সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

অবৈধ অনুপ্রবেশ, বিএসএফ, মাদক চোরাচালান, সীমান্ত সুরক্ষা, জনসচেতনতা, শ্রীমঙ্গল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ