জগন্নাথপুরে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের ওপর হামলার প্রতিবাদ, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার এবং হামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. সামি, মো. জুয়েল, মো. রুহিত, মো. আব্দুর রহিম, মো. আকমল হুসেন ও মো. আতিফ হুসেন।
বক্তারা জানান, গত ২৪ জুন কলেজের অধ্যক্ষের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তাদের দাবি, কলেজে নতুন চালু হওয়া যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক ফরহাদ রেজার শর্তসাপেক্ষ নিয়োগকে কেন্দ্র করে একটি পক্ষ অস্থিরতা সৃষ্টি করছে।
তাদের অভিযোগ, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ওই শিক্ষকের বেতন-ভাতা ছাড় হচ্ছে না, যা একটি প্রশাসনিক বিষয়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে কলেজে পরিচালনা কমিটি গঠনে জটিলতা সৃষ্টি করা হচ্ছে এবং শিক্ষকদের বেতন-ভাতা প্রাপ্তিও বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধন থেকে অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থী, অধ্যক্ষ, হামলা, মানববন্ধন, প্রতিবাদ, বিচার