২৮ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে চার দিনব্যাপী লাইব্রেরি ওরিয়েন্টেশনের উদ্বোধন

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য চার দিনব্যাপী লাইব্রেরি ওরিয়েন্টেশন শুরু হয়েছে। রোববার (২৮ জুন) সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। চার দিনব্যাপী ওই কর্মসূচি আগামী ২ জুলাই পর্যন্ত চলবে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের গ্রন্থাগারের বিভিন্ন সেবা, ডিজিটাল রিসোর্স, বই ধার নেওয়ার নিয়ম, অনলাইন ক্যাটালগ ব্যবহার, ই-জার্নাল এবং গবেষণাসংক্রান্ত বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, তোমাদের সবাইকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, তাই সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এমনকি আগামী ৫ বা ১০ বছর পর তোমরা নিজেদের কোন অবস্থানে দেখতে চাও, তার একটি স্পষ্ট রূপরেখা বা প্ল্যান এখন থেকেই থাকতে হবে। বর্তমান যুগের ডিজিটাল গ্যাজেটগুলোকে অপ্রয়োজনীয় কাজে ব্যবহার না করে, নিজেদের প্রয়োজনে-বিশেষ করে পড়াশোনার মানোন্নয়নে কাজে লাগাতে হবে।


শিক্ষার্থীদের ভবিষ্যত গড়ার ব্যাপারে গুরুত্বারোপ করে তিনি বলেন,  মনে রাখবে, জীবনের এই সময়টাতে কঠোর পরিশ্রম বা কষ্ট করতেই হবে। পৃথিবীতে যারা সফল হয়েছেন, তারা প্রত্যেকেই কষ্টের মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলেছেন। তোমাদের বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে তোমাদের আমাদের কাছে পাঠিয়েছেন। সেই স্বপ্ন পূরণে আমরা তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে পারি, কিন্তু মূল কাজটি তোমাদের নিজেদেরই করতে হবে। তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ এবং তোমাদের প্রতি দেশের অনেক বড় প্রত্যাশা রয়েছে।


উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আমি লাইব্রেরির রিডিং রুমগুলো পরিদর্শন করেছি। যে সব রুমে এখনো এসি নেই, সে সব রুমে খুব দ্রুতই এসির ব্যবস্থা করে দেওয়া হবে।


কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। 


স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত লাইব্রেরিয়ান মোহাম্মদ মতিউর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত লাইব্রেরিয়ান মো. কাওছার আহমদ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, গ্রন্থাগার, ওরিয়েন্টেশন, শিক্ষার্থী, উপাচার্য, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ