নতুন কুঁড়ি স্পোর্টস: ব্যাডমিন্টনে জেলা পর্যায়ে প্রথম শাল্লার স্পর্শিতা–রাজশ্রী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১১ মে, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্টে জেলা পর্যায়ে (সুনামগঞ্জ) প্রথম স্থান অর্জন করেছে শাল্লার স্পর্শিতা–রাজশ্রী নামে দুই শিক্ষার্থীর জুটি। রোববার (১০ মে) তারা এই সাফল্য অর্জন করেন। একই প্রতিযোগিতার একক ইভেন্টেও প্রথম স্থান অর্জন করেন স্পর্শিতা তালুকদার।
এদিকে এমন অর্জনে অভিভাবকদের পাশাপাশি উপজেলাজুড়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই জুটি। তাদের এই অর্জনে শাল্লা উপজেলাবাসী গর্বিত ও আনন্দিত বলে মনে করছেন নেটিজনেরা।
জানা যায়, স্পর্শিতা তালুকদার শাল্লা সদরের শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। সে সদরের বাসিন্দা ও রাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন তালুকদার ও শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক পাপড়ি তালুকদারের সন্তান।
অন্যদিকে তার জুটি রাজশ্রী দেবনাথ বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চম্পা তালুকদার ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শম্ভু দেবনাথের মেয়ে রাজশ্রী দেবনাথ। সেও শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
স্পর্শিতা- রাজশ্রী জুটি সারা দেশব্যাপী বিদ্যালয় ভিত্তিক নতুন কুঁড়ি প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করায় তাদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন জনের অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন। এছাড়াও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য জেলা টিমে শাল্লা উপজেলা থেকে ফুটবল খেলায় ২ জন, ক্রিকেটে ৩ জন, সাঁতারে ১ জন ও দৌড় প্রতিযোগিতায় ১ জন প্রতিযোগি সুযোগ পেয়েছেন।
তাদের এই অর্জন স্পোর্টসে শাল্লা উপজেলাকে প্রতিনিধিত্ব করে বলে মনে করেন,ডুমরা গ্রামের বাসিন্দা সীমান্ত তালুকদার সুমন। তিনি বলেন, ব্যাডমিন্টনে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে তারা আমাদের শাল্লার মুখ উজ্জ্বল করেছে। আমাদের সকলের প্রিয় দুই শিক্ষার্থী স্পর্শিতা তালুকদার ও রাজশ্রী দেবনাথের এই অর্জন সত্যিই আমাদের জন্য গর্বের। তাদের এই সাফল্য বিভাগীয় পর্যায়েও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজয়ী শিক্ষার্থী স্পর্শিতা তালুকদারের বাবা লিটন তালুকদার বলেন, তাদের এই অর্জনে আমরা অত্যান্ত আনন্দিত। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার দোয়া চেয়েছেন তিনি। শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের (শারীরিক) বিভাগের শিক্ষক উদয় চন্দ্র বৈষ্ণব বলেন, তাদের অর্জনটি অবশ্যই আনন্দের ও ভালো লাগার। তাদেরকে এই জায়গায় পৌঁছাতে অনেক শ্রম দিয়েছি উল্লেখ করে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা পাশাপাশি স্পোর্টসেও খুব পারদর্শী। আমাদের বিষয়টি আমাদের শিক্ষকের জন্য খুবই গর্বের।
আগামী ১৩ মে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস কর্তৃপক্ষ।
শাল্লা ব্যাডমিন্টন, স্পর্শিতা তালুকদার, রাজশ্রী দেবনাথ, নতুন কুঁড়ি স্পোর্টস, সুনামগঞ্জ প্রতিযোগিতা