সিলেট সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২ মে, ২০২৬ ৬:৩১ অপরাহ্ন
প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনের একটি রেস্টুরেন্টে বসে পুনরায় নতুন কুঁড়ি শুরুর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) সিলেট জেলা ক্রিকেট স্টেডিয়ামে নতুন কুঁড়ি-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি নতুন কুঁড়ি শুরুর গল্প শোনান হাজারো শিশু শিক্ষার্থীদের।
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বক্তৃতা এড়িয়ে সরাসরি শিশুদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। এসময় তিনি নতুন কুঁড়ি শুরুর গল্প তুলে ধরে বলেন, ‘প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনে এক বৈঠকে এই উদ্যোগের পরিকল্পনা করা হয়। তখন আমিনুল ইসলামের (বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী) সঙ্গে লন্ডনের একটি রেস্টুরেন্টে বসে আমরা নতুন কুঁড়ি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেই। সারা দেশের শিশু-কিশোরদের সম্পৃক্ত করে একটি নতুন ক্রীড়া কার্যক্রম চালু করার পরিকল্পনা করা হয়। আজ এটি বাস্তবায়ন করা হলো।
দীর্ঘ ১৯ বছর পর ফের শুরু হয়েছে শিশু-কিশোরদের ক্রীড়া অন্বেষণ প্রতিযোগীতা নতুন কুঁড়ি। উদ্বোধন অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা প্রত্যেকেই বাংলাদেশের অ্যাম্বাসেডর। তোমাদের ওপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ। এজন্য তোমাদের পড়ালেখা যেমন করতে হবে, তেমনি খেলাধুলাও করতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে।
শিশু-কিশোরদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তাদেরকেই অনুষ্ঠানের ‘চিফ গেস্ট’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আজকের এই অনুষ্ঠানের চিফ গেস্ট তোমরাই। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে এই দেশ নেতৃত্ব পাবে, তোমরাই বাংলাদেশকে এগিয়ে নেবে।’
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বক্তৃতা এড়িয়ে সরাসরি শিশুদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। মাঠে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা—অ্যারোবিকস, সাঁতার, দাবাসহ একাধিক ইভেন্ট—নিয়ে শিশুদের মতামত জানতে চান এবং অংশগ্রহণকারীদের জন্য করতালি দিতে বলেন।
প্রধানমন্ত্রী শিশু ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, যে খেলোয়াড় হতে চায় তাকে খেলোয়াড় হতে হবে, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হতে চায় তাকে সেই লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি নিতে হবে। সরকারের পক্ষ থেকে শিশুদের প্রতিভা বিকাশে সহায়তার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন কুঁড়ি, সিলেটে প্রধানমন্ত্রী, তারেক রহমান