০৪ মে ২০২৬

অপরাধ-বিচার

ছাতকে বিতর্কিত প্রধান শিক্ষক আবু হেনা সাময়িক বরখাস্ত

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হেনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা ও দুর্নীতিসহ নানা অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার লক্ষণসুম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিকের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২৭ জুলাই তাঁকে বরখাস্ত করা হয়।

এর আগে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন দীন মোহাম্মদ। পরে ১০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়।

২০০৭ সালে কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালনের সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। তখন তিনি ক্ষমা চেয়ে বদলি হন। এরপর আজমত আলী উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর এস.সি.এস.ডি.পি উচ্চ বিদ্যালয় এবং একতা উচ্চ বিদ্যালয়েও দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগ ওঠে।

পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালনকালেও তাঁর বিরুদ্ধে গাছ বিক্রি, টিউশন বাণিজ্য, ভুয়া এজেন্ট ও ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ ওঠে।

এছাড়া, বরখাস্ত কার্যক্রম চলাকালীন তিনি বিদ্যালয়ের সভাপতির সঙ্গে অসদাচরণ এবং অ্যাডহক কমিটির সদস্যদের হুমকি দেন বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ