০৪ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শাল্লায় গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


নিহত দুই কিশোর হলেন উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের জিল্লু মিয়া (১৪) ও সাকিল মিয়া (১৩)।


স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের পানিতে গোসল করতে যায় দুই কিশোর। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত একটি খুঁটির সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তারা আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।


পরে সন্ধ্যা ছয়টার দিকে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক বলেন, 'দুই কিশোরকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। এরপরও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।'


কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, 'গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।'


শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জামিল বলেন, 'বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাল্লা, সুনামগঞ্জ, বিদ্যুৎস্পৃষ্ট, দুই কিশোরের মৃত্যু, জিল্লু মিয়া, সাকিল মিয়া, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাল্লা থানা, অপমৃত্যুর মামলা, বিদ্যুৎ দুর্ঘটনা, কান্দিগাঁও, শান্তিনগর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ