০৪ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিকেল ৪টায় সিলেট ছাড়ছে জেদ্দাগামী বাংলাদেশ বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন


যান্ত্রিক ত্রুটি মেরামতের পর অবশেষে আকাশে উড়তে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর ফ্লাইট বিজি-২৩৫। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৪টায় সিলেট থেকে উড্ডয়নের পর ফ্লাইটটি ঢাকা হয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।


গতকাল সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিলেট থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যায় ফ্লাইট বিজি-২৩৫। কিন্তু রানওয়েতে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট বিমানটিকে ফিরিয়ে আনেন। এরপর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ডে রেখে বিমানটি মেরামতের কাজ চলছিল। স্থানীয় ও ঢাকা থেকে আসা প্রকৌশলীরা মিলে দীর্ঘ সময় ধরে এই মেরামত কাজ করেন।


দীর্ঘ ১৬ ঘণ্টারও বেশি সময় বিমানবন্দরে আটকে থাকায় ফ্লাইটের ৪১৯ জন যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন ওমরাহযাত্রী। রাতে আটকে পড়া যাত্রীদের বিভিন্ন হোটেলে নেওয়া হলেও মধ্যরাত পর্যন্ত হোটেলে না নেওয়া, নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অভিযোগ ওঠে যাত্রীদের পক্ষ থেকে। এ নিয়ে বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, যান্ত্রিক ক্রুটির কারণে আটকা পড়া জেদ্দাগামী ফ্লাইটি আজ বিকেল ৪ টার দিকে সিলেট থেকে রওনা দিবে। সিলেট থেকে প্রথমে ঢাকায় তারপর সেখান থেকে যাত্রী নিয়ে সৌদির জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবে।


এছাড়া যাত্রীদের ভোগান্তি বিষয়ে তিনি বলেন, আমার জানা মতে, যাত্রীদের মধ্যে যাদের হোটেলে যাওয়ার তারা হোটেলে গিয়েছে আবার অনেক যাত্রীর বাড়ি সিলেটে হওয়ায় তারা বাড়িতেই চলে গিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশের কর্তৃপক্ষ কারো সাথে কথা বললে বিষয়টি আরও স্পষ্ট হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিমান, যাত্রী, ভোগান্তি, যান্ত্রিক ত্রুটি, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ