১ সেপ্টেম্বর থেকে মাস্কাটে সরাসরি ফ্লাইট চালু করছে সালামএয়ার
আট বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
যাপিতজীবন
প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ২:২৪ অপরাহ্ন
প্রায় আট বছর পর আবারও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি কোনো এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক বিমান সংস্থা সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইনসের বাণিজ্যিক যাত্রা পুনরায় শুরু হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই রুট চালু হলে বিশেষ করে ওমানপ্রবাসী সিলেটিদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ওসমানীর কার্যক্রমও নতুন মাত্রা পাবে।
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত হলেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি কোনো এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট ছিল না। এ সময়ের মধ্যে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ, আধুনিক ওয়্যারহাউস নির্মাণ এবং নতুন টার্মিনাল ভবনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ হয়েছে। তবে বিদেশি এয়ারলাইনসের অনুপস্থিতির কারণে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রত্যাশা পূরণ হয়নি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। তার ভাষ্য, এই ফ্লাইট চালু হলে যাত্রীদের জন্য তুলনামূলক কম খরচে ওমানে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে।
সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের মোট ৩৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সালামএয়ার এবং তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক আরও সম্প্রসারণের কাজ চলছে।
তিনি জানান, বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে ৭টি এবং সিলেট থেকে ৩টি ফ্লাইট পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের যাত্রা প্রথম শুরু হয়েছিল ২০১৫ সালের ১ এপ্রিল। সে সময় দুবাইভিত্তিক ফ্লাই দুবাই সিলেট-দুবাই রুটে ফ্লাইট চালু করে। শুরুতে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিনই ফ্লাইট পরিচালনা করলেও পরিচালনাগত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সংস্থাটি সিলেট থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর গত আট বছরে বিদেশি কোনো এয়ারলাইনস নিয়মিত ফ্লাইট পরিচালনা করেনি।
এদিকে সরকারি উদ্যোগে আবারও বিদেশি এয়ারলাইনস আকৃষ্ট করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইনস ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন, ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান, শারজাহ ও আবুধাবিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সও সৌদি আরবের মক্কা ও মদিনায় সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকার পরিবর্তনের পর ফ্লাই দুবাইও আবার সিলেট থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির ফ্লাইট চালুর ক্ষেত্রে সরকার নীতিগত সব ধরনের সহযোগিতা দেবে।
ট্রাভেল খাতসংশ্লিষ্টদের ধারণা, চলতি বছরের শেষ দিকে ফ্লাই দুবাই পুনরায় সিলেট-দুবাই রুটে ফ্লাইট চালু করতে পারে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ার আরাবিয়াও সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতে তাদের ফ্লাইটও চালু হতে পারে।
সম্প্রতি সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট পুনরায় চালুর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্যকর আন্তর্জাতিক হাবে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি জানান, ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও ইতিবাচক হলে সিলেট-গুয়াহাটি রুটেও সরাসরি ফ্লাইট চালুর সুযোগ তৈরি হতে পারে। এতে আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
সালামএয়ারের সিলেট ইনচার্জ সেলিম আল রাজি জানান, সিলেটে এয়ারলাইনটির সিটি অফিস ও বিমানবন্দর ডেস্ক চালুর প্রস্তুতি প্রায় শেষ। আগামী ১ সেপ্টেম্বর সিলেট শহরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিলেট থেকে সালামএয়ারের আন্তর্জাতিক যাত্রা শুরু হবে। তিনি জানান, যাত্রী ও ট্রাভেল এজেন্টদের জন্য বিক্রয়, সংরক্ষণ ও টিকিটিং-সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থাও চালু রাখা হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সালামএয়ার, সিলেট-মাস্কাট ফ্লাইট, বিদেশি এয়ারলাইন্স, ওসমানী বিমানবন্দর, সিলেট বিমানবন্দর, আন্তর্জাতিক ফ্লাইট