০৪ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে একদিনে নতুন তিন ডেঙ্গু রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ১১৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ২:১৩ অপরাহ্ন


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে দুজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ডেঙ্গু রোগের দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৩ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১১ জন এবং বিভাগের বাইরের জেলার তিনজন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।


স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে বিভাগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ওই রোগী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেটে মোট ২৪ জন শনাক্ত হলেও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৫৩ জন এবং মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হলেও এসব জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


এদিকে বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে ডেঙ্গু, সিলেটে নতুন ডেঙ্গু রোগী, ডেঙ্গু পরিস্থিতি, সিলেট স্বাস্থ্য বিভাগ, ডেঙ্গু আপডেট, সিলেটে ডেঙ্গু আক্রান্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ