
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন।”
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর রেল লাইনের পাশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল বলেন, “২০১৪ সালের নির্বাচনে ভোট দিতে হয়নি। ২০১৮ সালে সকালে ভোট দিতে গিয়ে দেখা গেল রাতেই ভোট হয়ে গেছে। আর ২০২৪ সালে ‘আমি, তুমি আর ডামি’ একটি নির্বাচনের ব্যবস্থা করলেন—কাউকে ঈগল, কাউকে নৌকা, কাউকে সৎপুত্র, কাউকে নিজের পুত্র বানিয়ে।”
তিনি আরও বলেন, “শাসনক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। মেগা প্রকল্পের নামে এই দেশের সম্পদ লুট করা হয়েছে। দুই বোন ও তাদের পরিবার নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করেছে।”
গত ১৬ বছর ধরে জাতীয়তাবাদী দলসহ অন্যান্য গণতান্ত্রিক দলগুলো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে আন্দোলন করেছে দাবি করে আমিনুল বলেন, “এই সময় আমাদের অনেক সহকর্মী ছিলেন যারা আন্দোলনে অংশ নেননি, কিন্তু আমরা কখনো পকেট ভারি করার কথা ভাবিনি। এখন এত বিএনপি হয়ে গেছে যে আসল বিএনপি জায়গা পায় না।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শানু মাস্টার। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি।
সভায় আরও বক্তব্য রাখেন বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ এবং ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাবিদসহ অনেকে।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
হবিগঞ্জ, মাধবপুর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খালেদা জিয়া, তারেক রহমান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম


