২৭ আগস্ট ২০২৬

মানবিকতা / সহায়তা

নেপালের বন্যা-ভূমিধসে সহায়তার প্রস্তাব বাংলাদেশের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন


নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা তাদের সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছি।’


এর আগে সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেন ড. খলিলুর রহমান। এ সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাঁরা এখনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী ধরনের সহায়তা প্রয়োজন, তা মূল্যায়ন করছেন। আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে তাঁরা বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে জানাবেন।


ড. খলিলুর রহমান বলেন, ‘নেপালের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে, তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী ধরনের সহায়তা প্রয়োজন তা মূল্যায়ন করছেন। তিনি বলেছেন, আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে তারা আমাদের জানাবেনÑ কী ধরনের সহায়তা প্রয়োজন।’


নেপাল তাদের নির্দিষ্ট প্রয়োজনের কথা জানানোর পর বাংলাদেশ সাড়া দিতে প্রস্তুত রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।


ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গভীর সহানুভূতি ও সমবেদনা জানান ড. খলিলুর রহমান। তিনি এই দুর্যোগকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে বলেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন, বাংলাদেশের মানুষের ভাবনা ও প্রার্থনা তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে।


নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সমবেদনা বার্তাও পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে নেপালের সরকার ও জনগণের প্রতি ঢাকার পূর্ণ সংহতি প্রকাশ করেন তিনি।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান বলেন, দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য এখন পর্যন্ত বাংলাদেশের কাছে নেই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো বাংলাদেশির নাম পাইনি।’


তিনি জানান, দুর্যোগ যখন আঘাত হানে, তখন বেশ কয়েকজন বিদেশি পর্যটক মানস সরোবর এলাকার দিকে যাচ্ছিলেন।


কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া মাত্র ঢাকাকে অবিলম্বে জানানোর জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, ‘জীবিত বা মৃত, যেকোনো অবস্থায় কোনো বাংলাদেশির খোঁজ পাওয়া গেলে, আমরা আমাদের পূর্ণ সহযোগিতা প্রসারিত করব এবং তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’


পরিস্থিতির ওপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান ড. খলিলুর রহমান। এ জন্য প্রয়োজনীয় ফ্লাইট বা বিমান চলাচলের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।


এদিকে দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেলে তার সরকার এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।  


শেয়ার করুনঃ

মানবিকতা থেকে আরো পড়ুন

নেপাল, বন্যা, ভূমিধস, সহায়তা, পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশি নাগরিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ