২৪ আগস্ট ২০২৬

মানবিকতা / সহায়তা

বানিয়াচংয়ে ফ্রি আই ক্যাম্প, শতাধিক রোগী পেলেন চিকিৎসাসেবা

প্রতিনিধি, বানিয়াচং, সিলেট

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন


জনপ্রতিনিধিত্ব হোক জনকল্যাণে’—এই প্রত্যয়কে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষায় ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ২২ জন রোগীকে পরবর্তী চিকিৎসার জন্য সিলেটের ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


রোববার (২৩ আগস্ট) বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের সাগরদিঘী পশ্চিম পাড়ে এ ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়।


ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে বানিয়াচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদের সার্বিক তত্ত্বাবধানে এবং ভার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও মেডিকেল টিমের পরিচালনায় দিনব্যাপী চিকিৎসাসেবা দেওয়া হয়।


ক্যাম্পে দূর-দূরান্ত থেকে আসা শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চোখ পরীক্ষা করান। চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেন। এ সময় ছানি ধরা পড়া এবং অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, এমন ২২ জন রোগীকে উন্নত চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।


আয়োজকেরা জানান, অর্থের অভাবে অনেক অসহায় মানুষ সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে ছানিতে আক্রান্ত অনেক রোগী চিকিৎসার অভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকেন। এসব মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনসেবাকে গুরুত্ব দিয়ে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


শেয়ার করুনঃ

মানবিকতা থেকে আরো পড়ুন

ফ্রি আই ক্যাম্প, চোখের চিকিৎসা, ছানি অপারেশন, ওয়াহিদুল মুরাদ, ভার্ড চক্ষু হাসপাতাল, ডাচ্-বাংলা ব্যাংক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ