২৪ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

একাদশে ভর্তি

সিলেটে ৫২ হাজার শিক্ষার্থীর বিপরীতে আসন রয়েছে প্রায় দেড় লাখ

মিফতা হাসান

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন


চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী। এর বিপরীতে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৩৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৬০টি। অর্থাৎ উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় কলেজগুলোতে প্রায় তিনগুণ বেশি আসন রয়েছে। 


এ অবস্থায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও ৯০ হাজারেরও বেশি আসন ফাঁকা থাকবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে সারাদেশের মতো সিলেটেও শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। আবেদন শেষ ১০ সেপ্টেম্বর। আর সকল প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।


সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৩৪৮টি কলেজে আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৬০টি। তার মধ্যে মানবিক বিভাগে ৭৬ হাজার ৮৫৫টি, বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪৯৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫০৫টি আসন রয়েছে।


বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। উত্তীর্ণদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছেলে এবং ৩২ হাজার ৬৮ জন মেয়ে। এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী।


এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় আসন বেশি রয়েছে ৯০ হাজারের বেশি। এ অবস্থায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য খুব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না শিক্ষার্থীদের।


তবে ভালো ফল করা শিক্ষার্থীদের পছন্দের কলেজ ও বিভাগে ভর্তির ক্ষেত্রে আসনসংখ্যার চেয়ে কলেজের মান, বিভাগভিত্তিক চাহিদা ও শিক্ষার্থীদের পছন্দই বেশি প্রভাব ফেলবে।


সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন বলেন, ‘চলতি বছরে সিলেট বোর্ডের অধীনে কলেজ আছে ৩৪৮টি। এসব কলজে বাংলা ও ইংরেজি ভার্সন মিলিয়ে আসন রয়েছে মোট ১ লাখ ৪৩ হাজার ১৬০টি, যা উত্তীর্ণ শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি।’


আবেদন শুরু ২ সেপ্টেম্বর 

সোমবার (২৪ আগস্ট) একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালা অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে।


নীতিমালা অনুযায়ী, অনলাইনে নির্ধারিত ফি দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু করে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।


এদিকে খাতা পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগও থাকবে শিক্ষার্থীদের।


১৭ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত কলেজে ভর্তির নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে।


এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর কলেজ ও মাদরাসাগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। সবশেষ, ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণি, ভর্তি, আসন, এসএসসি, কলেজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ