ছয় বছর ধরে সমাবর্তনের অপেক্ষায় শাবিপ্রবির শিক্ষার্থীরা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ সমাবর্তনের অপেক্ষা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। ২০২০ সালের ৮ জানুয়ারি সর্বশেষ তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার পর কেটে গেছে ছয় বছরের বেশি সময়। এই দীর্ঘ সময়ে হাজারো শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করলেও সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ এখনো পাননি তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ১৯৯১ সালে শাবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার ছয় বছর পর ১৯৯৮ সালের ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রথম সমাবর্তন। এর নয় বছর পর, ২০০৭ সালের ৬ ডিসেম্বর হয় দ্বিতীয় সমাবর্তন। এরপর দীর্ঘ ১৩ বছরের বিরতি দিয়ে ২০২০ সালের ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় তৃতীয় সমাবর্তন, যেখানে ২০০১-২০০২ থেকে ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। এরপর থেকে আর কোনো সমাবর্তন আয়োজন করা হয়নি। ফলে প্রতিবছরই বাড়ছে সমাবর্তনের অপেক্ষায় থাকা শিক্ষার্থীর সংখ্যা।
২০২৪ সালের ৪ জুলাই তৎকালীন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে তৎকালীন রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন চতুর্থ সমাবর্তনের অনুমতি দেন। পরে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, ২০২৫ সালের ২৬ জানুয়ারি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। তবে ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
এরপরও নানা সময়ে সমাবর্তনের দাবিতে সরব হয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন সমাবর্তন না হওয়ায় শিক্ষাজীবন শেষ করার পরও আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্বীকৃতি থেকে বঞ্চিত থাকছেন তাঁরা। সমাবর্তন না হওয়ায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে হতাশাও বাড়ছে। তাঁদের প্রত্যাশা, অতীতের মতো আরেকটি আশ্বাস নয়, বরং নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করে দ্রুত চতুর্থ সমাবর্তন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের ভাষ্য, চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ গুছিয়ে এনে সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাসেল শেখ বলেন, ❝আমি ক্যাম্পাসে এসে প্রথম সিনিয়রদের সমাবর্তন পেয়ে যাই ২০২০ সালের জানুয়ারিতে। সিনিয়রদের সেই উৎসবমুখরতা এখনো চোখে ভাসে। সময়ের পরিক্রমায় আজ আমি নিজেও একজন সাবেক শিক্ষার্থী, সমাবর্তন প্রত্যেক সাবেক শিক্ষার্থীর আনন্দ ও আবেগের জায়গা। আমি চাইবো খুব দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন আয়োজন করে সাবেক শিক্ষার্থীদের জন্য একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করবে এবং শিক্ষার্থীদের সার্টিফিকেট তাদের হাতে তুলে দেবে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোস্তাকিম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে না। সমাবর্তন একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। তাই বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল পক্ষ থেকেই প্রশাসনের কাছে বারবার অতিদ্রুত সমাবর্তন আয়োজনের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা আশাবাদী, নতুন প্রশাসন শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে সমাবর্তন আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে এবং তা বাস্তবায়ন করবে।
পরিসংখ্যান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাকিল হাসান বলেন, দেশের প্রথম এবং অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও দীর্ঘ ছয় বছর ধরে শাবিপ্রবিতে সমাবর্তন না হওয়া কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনে না। সমাবর্তন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সকল শিক্ষার্থীর দীর্ঘদিনের পরিশ্রম ও অর্জনের স্বীকৃতি। বছরের পর বছর শিক্ষার্থীদের এই অধিকার ও প্রত্যাশাকে ঝুলিয়ে রাখা অত্যন্ত হতাশাজনক। আর কোনো অজুহাত, টালবাহানা না দেখিয়ে, শিক্ষার্থীদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে সমাবর্তন আয়োজন করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, অবশ্যই এটি (সমাবর্তন) আমাদের পরিকল্পনায় আছে, তবে এর আগে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তাঘাট মেরামত এবং যে অবকাঠামোগত উন্নয়ন কাজগুলো চলমান আছে, সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি, পুরনো সব সমস্যার সমাধানে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়কে একটি স্থিতিশীল পর্যায়ে উন্নীত করে সমাবর্তন আয়োজনের বিষয়টি নিয়ে কাজ করব।
শাহজালাল বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, শিক্ষার্থী, স্নাতক, স্নাতকোত্তর, সমাবর্তন