১৭ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেট বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক, মৃত্যু বেড়ে ১৩৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন


সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়ার পাশাপাশি সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছেন বিপুলসংখ্যক মানুষ, যার ফলে চিকিৎসাধীন রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।


সোমবার (১৭ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন।


স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে। এর মধ্যে সিলেটে ৩১১, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনকে রুবেলা রোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।


নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৩৮ জনের মধ্যে ৫৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৬৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, একজন নর্থ ইস্ট হাসপাতালে, ছয়জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং ১২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।


বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৩২৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন।


একদিনে ১৩৮ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং বর্তমানে ৩২৮ জনের চিকিৎসাধীন থাকার তথ্য হাসপাতালগুলোতে রোগীর চাপের চিত্রই তুলে ধরছে। বিশেষ করে সিলেটের দুটি প্রধান হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিলিয়ে মোট ২৫৮ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।


তবে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর আগে চলতি বছর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৩০ জন এবং নিশ্চিত হাম রোগে ছয়জন মারা গেছেন।


জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। সেখানে সন্দেহজনক হাম রোগে ৫৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজনসহ মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে। সিলেটে মোট মৃত্যু ৫১ জন, যার মধ্যে সন্দেহজনক হাম রোগে ৪৭ জন ও নিশ্চিত হাম রোগে চারজন। এ ছাড়া হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হামের সংক্রমণ, রোগীর চাপ, হাসপাতাল, স্বাস্থ্য বিভাগ, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ