সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৪
যাপিতজীবন
প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন
সিলেট বিভাগে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৫ আগস্টের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক রোগে মারা যাওয়া দুজনের একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বয়স ৫ মাস। অপরজনের বয়স ১১ মাস এবং সে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। প্রতিবেদনে তাদের ঠিকানা হিসেবে সিলেটের টুকেরবাজার ও জকিগঞ্জের ওয়াসার এলাকার কথা উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহজনক নতুন রোগী ভর্তি হয়েছে ৬৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহজনক রোগী ভর্তি আছেন ২৮৪ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন এবং কয়েকটি উপজেলা ও জেলা হাসপাতালে আরও রোগী ভর্তি রয়েছেন।
জেলা অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩০৫ জন। একই সময়ে হবিগঞ্জে ১৪৮, মৌলভীবাজারে ১৪৬ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের দুজন রোগী রুবেলা আক্রান্ত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মৃত্যুর হিসাবে সিলেট জেলায় এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৪৬ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ১৭ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হাম রোগে সেখানে কোনো মৃত্যুর তথ্য নেই। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১২ জন এবং নিশ্চিত হাম রোগে একজন মারা গেছেন। সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৫৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে ১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৩৫ জন। এর মধ্যে ১২৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং ছয়জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম রোগে।
সিলেটে হাম, হাম উপসর্গ, হাম রোগী, হাম আক্রান্ত, সিলেট বিভাগে হাম, হাম শনাক্ত, হাম মৃত্যু, সিলেটে হাম মৃত্যু, সিলেট স্বাস্থ্য বিভাগ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল