১৭ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা: সিলেটে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন


বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


সোমবার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।


সতর্কবার্তায় আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও সাময়িকভাবে জলাবদ্ধতা দেখা দিতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হওয়ারও আশঙ্কা রয়েছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক পরিচালকের পক্ষে এ সতর্কবার্তায় স্বাক্ষর করেন। বার্তাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গণমাধ্যমে পাঠানো হয়েছে।


সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য জলাবদ্ধতা ও ভূমিধসজনিত ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে বার্তায়।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বৃষ্টি, বন্যা, ভূমিধস, নিম্নচাপ, জলবদ্ধতা, সতর্কতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ