বালু উত্তোলন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
সিলেটজুড়ে
প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ১:৪১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
শনিবার সকাল ১০টার দিকে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন শুরু করেন স্থানীয় বাসিন্দারা। মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী এলাকায় ভাঙন ও পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়।
জরুরি কাজে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়া আকরাম নামের এক যাত্রী যানজটে আটকা পড়েন। তিনি বলেন, আশুগঞ্জ এলাকায় এসে তীব্র যানজটে পড়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে সড়কে আটকে থাকলেও কখন যান চলাচল স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ আবু তাহের বলেন, মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা মহাসড়ক বন্ধ করে মানববন্ধন করছেন।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসনের চেষ্টা করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সমন্বয়ে এ বিষয়ে কাজ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের কর্মসূচির কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এদিকে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি মেঘনা নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মেঘনা নদী, বালু উত্তোলন, বালু উত্তোলন বন্ধ, ঢাকা-সিলেট মহাসড়ক, মহাসড়ক অবরোধ, আশুগঞ্জ যানজট, তীব্র যানজট, মানববন্ধন