০৮ আগস্ট ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

১৪৪ ধারা উপেক্ষা করে দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মিছিল-সমাবেশ

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে শনিবার (৮ আগস্ট) শহরে মিছিল ও সমাবেশ করেছে দলটির দুই পক্ষের নেতাকর্মীরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই দিরাই পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। থানা পয়েন্টসহ কয়েকটি এলাকায় এক পক্ষের মিছিলের পর অন্য পক্ষও মিছিল বের করে। এতে শহরজুড়ে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থকরা জুলাই স্মরণে দিরাই থানা পয়েন্টে একটি সমাবেশ করেন। ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাছির উদ্দিন চৌধুরী।


এরই ধারাবাহিকতায় শনিবার জুলাই-২৪-এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একই এলাকায় পাল্টা কর্মসূচির আয়োজন করে তাঁর ছোট ভাই এবং দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতাকর্মীরা। কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও বিএনপি নেতা আলী আকবর চৌধুরীর অনুসারীরাও অংশ নেন।


এই কর্মসূচির বিরোধিতা করে নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা। শুক্রবার রাতে তারা দিরাই থানা পয়েন্টে মিছিল করে পাল্টা সমাবেশের প্রতিবাদ জানান। ফলে শনিবারের কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।


এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিরাই থানার ওসির আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড এবং পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সভা-সমাবেশসহ বিভিন্ন ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হয়।


তবে নিষেধাজ্ঞার মধ্যেই থানা পয়েন্ট এলাকায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতাকর্মীরা বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে গিয়ে সমাবেশ করেন।


সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক চৌধুরী সভাপতিত্ব করেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান ও ওবায়দুর চৌধুরী মিশু, জেলা বিএনপির সদস্য অসোক রায়, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ এবং দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদারসহ অনেকে বক্তব্য দেন।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। মিছিল-সমাবেশ হলেও কোনো ধরনের সংঘাত হয়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। অতিরিক্ত পুলিশও মোতায়েন ছিল। এক পক্ষ মিছিলের পর সমাবেশ করেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিএনপি, মিছিল, সমাবেশ, দিরাই, ১৪৪ ধারা, নেতাকর্মী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ