সুরমা তীরের সৌন্দর্য বাড়াতে ক্বিন ব্রিজের পাশে বসছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ
সিলেটজুড়ে
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ৫:১২ অপরাহ্ন
সিলেট নগরের ঐতিহাসিক ক্বিন ব্রিজ ও সুরমা নদীর তীরকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নদীর তীরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে সেখানে স্থাপন করা হচ্ছে ‘আই লাভ সিলেট’ (I Love Sylhet) লেখা একটি দৃষ্টিনন্দন সাইনেজ।
ইতোমধ্যে সাইনেজটির অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। প্রতিদিন বিকেলে সুরমা নদীর তীরে বেড়াতে আসা মানুষ নতুন এই স্থাপনাটির সামনে ছবি ও সেলফি তুলতে ভিড় করছেন।
ক্বিন ব্রিজ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহাসিক ক্বিন ব্রিজের পাশের নদীতীরের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক নকশায় সাইনেজটি নির্মাণ করা হয়েছে। কালো রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা অক্ষরে ‘I SYLHET’ লেখা রয়েছে। মাঝখানে নীল রঙের হৃদয় (হার্ট) প্রতীক ব্যবহার করা হয়েছে, যা ‘লাভ’ শব্দের প্রতীক হিসেবে যুক্ত হয়েছে। সাইনেজটির বাম পাশে সিলেট সিটি কর্পোরেশনের লোগোও সংযোজন করা হয়েছে।
এখানে ঘুরতে আসা এক পর্যটক রাহাত আমিন বলেন, সিলেটের অন্যতম পরিচিত স্থাপনা কিন ব্রিজকে ঘিরে এমন একটি আকর্ষণীয় সাইনেজ নির্মিত হওয়ায় এলাকাটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে এটি নতুন একটি জনপ্রিয় ফটোস্পট হিসেবে পরিচিতি পাবে বলে তাদের প্রত্যাশা।
এদিকে সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আরেক পর্যটক তারেক জোয়ারদার। তার মতে, শহরের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে এ ধরনের নান্দনিক স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে পর্যটকদের আকর্ষণ যেমন বাড়বে, তেমনি সিলেট নগরের ইতিবাচক ভাবমূর্তিও আরও সমৃদ্ধ হবে।
আই লাভ সিলেট, I Love Sylhet, কিন ব্রিজ, সুরমা নদী, সিলেট সিটি কর্পোরেশন, সিসিক, সিলেট পর্যটন, সিলেট সৌন্দর্যবর্ধন, সুরমা নদীর তীর