আধুনিক সিলেট গড়তে মাস্টার প্ল্যানে জোর বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন
সিলেট মহানগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণীত মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি উচ্চপর্যায়ের বৈঠক। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেট মহানগরীর সামগ্রিক উন্নয়ন এবং বিশেষভাবে মাস্টার প্ল্যান কার্যকর করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীও।
বৈঠকে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেটকে একটি আধুনিক, সুপরিকল্পিত ও বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে জলাবদ্ধতা নিরসন, সড়ক অবকাঠামো শক্তিশালী করা, আধুনিক নিষ্কাশন নেটওয়ার্ক তৈরি, সুপেয় পানির সংকট মোকাবিলা এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত নগরায়ণ ও বিশুদ্ধ পানির সংকট এসব সমস্যা স্থায়ীভাবে সমাধান করতেই সংশ্লিষ্ট সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার সিলেটকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
মন্ত্রী আরও বলেন, নগরবাসীর প্রত্যাশা মেটাতে চলমান উন্নয়ন কাজের গতি আরও তরান্বিত করা প্রয়োজন, এবং যেসব প্রকল্প এখনো অনুমোদনের অপেক্ষায় আছে, সেগুলো যাতে দ্রুত মাটিতে গড়ায়, সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বৈঠকে বলেন, মাস্টার প্ল্যান বাস্তব রূপ পেলে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিলেট’ প্রতিষ্ঠার স্বপ্ন সফল হবে। সম্প্রসারিত এলাকাসহ গোটা সিলেটকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব নগরীতে গড়ে তুলতে সিটি কর্পোরেশন অবিরাম কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার ফলে চলতি মৌসুমে সিলেট নগরী জলাবদ্ধতার কবল থেকে মুক্ত থেকেছে। একইসঙ্গে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকীকরণ, জলাশয় রক্ষা ও পুনরুদ্ধার এবং পরিবেশ সংরক্ষণে নানা কর্মসূচি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জগলুল, মোহাম্মদ রাশেদুজ্জামান রিষি, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, নগর পরিকল্পনাবিদ তানভীর আহমদ মোল্লাসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট নানা সংস্থার প্রতিনিধিরা।
সিলেট মাস্টার প্ল্যান, বাণিজ্যমন্ত্রী, নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সিসিক প্রশাসক, আধুনিক সিলেট