০৫ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

মেঘালয়ের পাহাড়ি ঢলে আসামে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

ভারতের মেঘালয় রাজ্যের রি-ভয় ও ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি), শিলং। এ সতর্কতা আগামীকাল ৫ আগস্ট দুপুর ২টা পর্যন্ত কার্যকর থাকবে বলে উল্লেখ করেছে আইএমডি। 


আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় মেঘালয়ের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। জোরাবাট ও আশপাশের জলাধার এলাকা এবং নিচু অঞ্চলগুলোতে ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এতে যানবাহন চলাচল ও বিভিন্ন সড়কে যাতায়াত ব্যাহত হতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 


আইএমডি আরও জানিয়েছে, আগামী তিন দিন মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ৩ থেকে ৫ আগস্ট পর্যন্ত ইস্ট খাসি হিলস, ওয়েস্ট জয়ন্তিয়া হিলস ও ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় কমলা ও লাল সতর্কতা জারি করা হয়েছে। অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের কিছু এলাকাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে।


এদিকে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) সতর্ক করে বলেছে, খাসি ও জয়ন্তিয়া হিলস থেকে নেমে আসা পানি আসামের প্রধান নদীগুলোতে প্রবাহিত হয়। ফলে নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ঝুঁকিতে থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে কাছাড়, ডিমা হাসাও, ওয়েস্ট কার্বি আংলং, বিশ্বনাথ, লাখিমপুর, ধেমাজি ও তিনসুকিয়া।


নাগাল্যান্ডে ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে আসামের চরাইদেও, শিবসাগর, জোরহাট ও গোলাঘাট জেলাতেও।


এএসডিএমএ জানায়, চলতি মাসের শুরুতে তীব্র বৃষ্টিপাতের কারণে আপার আসামের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহন চলাচলও ব্যাহত হয়েছে।


এ অবস্থায় মেঘালয়ে ভূমিধস, আকস্মিক বন্যা ও যানবাহন ধীরগতিতে চলাচলের ঝুঁকির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় দুই রাজ্যেই জরুরি সেবা সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।



শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

মেঘালয়, আসাম, বন্যা, ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, আইএমডি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ