জগন্নাথপুরে মেছো বিড়াল উদ্ধার অভিযানে ব্যর্থ বন বিভাগ, পিটিয়ে হত্যা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মেছো বিড়ালের উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দীর্ঘ চেষ্টার পরও প্রাণীটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে উৎসুক জনতার ভিড়ের মধ্যে এলাকাবাসীর একাংশ প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) সকালে পৌরসভার ছিলিমপুর এলাকার একটি নির্জন ও ঝোপঝাড়বেষ্টিত স্থানে মেছো বিড়ালটিকে ঘোরাফেরা করতে দেখেন কয়েকজন বাসিন্দা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। অনেকেই নিরাপত্তার শঙ্কায় ঘর থেকে বের হতে ভয় পান। শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, প্রাণীটির দেখা পাওয়ার পর পুরো এলাকার রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়। বিশেষ করে শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে বাসিন্দারা উদ্বিগ্ন ছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান সাফরুজ ইসলাম জানান, এলাকায় বাঘ সদৃশ প্রাণী দেখা যাওয়ার খবর পাওয়ার পর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন।
সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সিরাজ উদ্দিন নিশ্চিত করে জানান, প্রাণীটি গত কয়েক দিন ধরেই ওই এলাকায় অবস্থান করছিল এবং একপর্যায়ে সেটি একটি গাছের ওপর উঠে বসে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়।
তিনি বলেন, দিনভর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা প্রাণীটিকে জীবিত আটক করার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। একপর্যায়ে প্রশাসনের উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিকেলের দিকে ক্ষুব্ধ ও আতঙ্কিত এলাকাবাসী প্রাণীটির ওপর আক্রমণ চালিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে। প্রাণীটির মৃত্যুর পর এলাকায় সাময়িক স্বস্তি ফিরলেও বন বিভাগের উদ্ধার তৎপরতা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
জগন্নাথপুর, সুনামগঞ্জ, বন্যপ্রাণী হত্যা, জীববৈচিত্র, সুনামগঞ্জ