সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে সরকারকে কড়া বার্তা শফিকুর–নাহিদ–মামুনুলদের
রাজনীতি
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন
সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘আমরা রক্ত দিলাম, আমাদের সন্তানেরা শহীদ হলো, আয়নাঘরের নির্যাতন ভোগ করলো, গুম হলো। একটা নির্বাচন হলো, আমাদের আশা ছিল সেখানে জনগণ যে রায় দিয়েছে, গণভোট করেছে, হার পক্ষের রায় দিয়েছে, সেটা বাস্তবায়িত হবে। জুলাই সনদ বাস্তবায়িত হবে। কিন্তু আজ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয় নাই, বরঞ্চ এই সরকার এটার সাথে বেইমানি করেছে।’
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘তাই আমার বন্ধুগণ, এরা ফ্যাসিস্ট হচ্ছে এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছে। ফ্যাসিস্টের ইতিহাস এক সমান। নমরুদ একটা ফ্যাসিস্ট ছিল। সে তার বিরুদ্ধে কাউকে রাখতে চায় না। ইব্রাহিম (আ) সাথে কী ব্যবহার করেছে আপনারা জানেন। ফেরাউন একটা ফ্যাসিস্ট ছিল। সে এবং তার দলের সাথে কী ব্যবহার করেছে আপনারা জানেন। এই বাংলাদেশের হাসিনা সরকার একটা ফ্যাসিস্ট ছিল। সে বিরোধী দলের সাথে, বিরোধীদের সাথে কী ব্যবহার করেছে আপনারা জানেন। তাই এই বিএনপি সরকার উনারা ঘোষণা দেয় নাই কোনো, কিন্তু কার্যক্ত উনারা একটা ফ্যাসিস্ট সরকার হয়ে গেছে।’
তিনি বলেন, ‘তাই নমরুদের যে অবস্থা হয়েছে, ফেরাউনের যে অবস্থা হয়েছে, হাসিনার যে অবস্থা হয়েছে তাদেরও এই অবস্থা হবে। এই পথই তাদের পথ। তাই আমরা অনুরোধ করছি আজকের এই সমাবেশ থেকে—একসাথে আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, জেল কেটেছি। শহীদ হয়েছেন আমাদের ভাইয়েরা।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই তাদেরকে সহযোগিতা করতে। আর সহযোগিতার পথ হচ্ছে একটাই—আপনারা সকল কিছু তওবা করে আজকেই ঘোষণা করেন যে আমরা গণভোটকে মেনে নিলাম। জনগণ রাকে বাস্তবায়িত করার জন্য আপনারা শপথ নেন, তাহলে আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আর যদি এটা বাস্তবায়িত না করেন, তাহলে আজকে গোটা সিলেটবাসীকে, সিলেটবাসীর মাধ্যমে গোটা দেশবাসীকে আমি আহ্বান জানাচ্ছি, আরেকটা জুলাই বিপ্লবের জন্য প্রস্তুত হন। আপনারা কি প্রস্তুত হতে পারবেন না? হাত তুলেন, আমি দেখতে চাই।’
হাবিবুর রহমান বলেন, ‘আমার বন্ধুগণ, সেই বিপ্লবের আগে আজকের এই বিপ্লবে পাস করতে হবে। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। তাই এই সভাকে যদি সফল করতে হয়, তাহলে আপনাদেরকে এই মাঠে আসতে হবে।’
গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে রাজশাহী থেকে শুরু হওয়া ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ কর্মসূচির সমাপনী আয়োজন ছিল সিলেটের এ সমাবেশ।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হকসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।
সিলেট, জামায়াত, হাবিবুর রহমান, জুলাই সনদ, ১১ দলীয় জোট