২৫ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

সিলেট ভয়েস-এ সংবাদ প্রকাশ

অবশেষে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা সংশোধন করলো পাউবো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৮:০৬ অপরাহ্ন


সিলেট ভয়েস-এ সংবাদ প্রকাশের পর অবশেষে সিলেটের কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা নিয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য সংশোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় পাউবোর সিলেট কার্যালয়ের প্রতিবেদনে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা সংশোধন করা হয়েছে। 

এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) ও সিলেট পাউবোর প্রতিবেদনে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা দুধরণের তথ্য প্রকাশ করা হচ্ছিল। 

এ নিয়ে গত ২৭ জুন ‘সিলেটে পাউবোর ভুল তথ্যে বিভ্রান্তি, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপরে’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়।  

সংবাদে উল্লেখ করা হয়, এফএফডব্লিউসি’র প্রতিবেদনে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা উল্লেখ করা হয় ৯ দশমিক ৪৫ মিটার। আর সিলেট পাউবোর প্রতিবেদনে ওই পয়েন্টে পানির বিপদসীমা বলা হয় ১০ দশমিক ৪৫ মিটার। দুই প্রতিষ্ঠানের দুধরণের তথ্যের কারণে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) তখন জানিয়েছিল, সিলেট পাউবোর প্রতিবেদনে ফেঞ্চুগঞ্জ স্টেশনের বিপদসীমা ভুলভাবে উল্লেখ করা হয়েছে এবং শিগগিরই তা সংশোধন করা হবে।

সংবাদ প্রকাশের প্রায় এক মাস পর গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার প্রতিবেদনে ফেঞ্চুগঞ্জ পয়েন্টের বিপদসীমা ১০ দশমিক ৪৫ মিটার থেকে কমিয়ে ৯ দশমিক ৪৫ মিটার নির্ধারণ করেছে সিলেট পাউবো। এফএফডব্লিউসি শুরু থেকেই যে সংখ্যাটি প্রকৃত বলে জানিয়েছিল, দীর্ঘ বিভ্রান্তির পর অবশেষে সেই ৯ দশমিক ৪৫ মিটারই চূড়ান্ত করেছে পাউবো। 

এদিকে, বিপদসীমা সংশোধনের বিষয়টি নজরে আসার পর সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন সিলেট পাউবোর হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেঞ্চুগঞ্জের বিপদসীমা কমানোর কারণ জানতে চান।

এর জবাবে হোয়াটসঅ্যাপ গ্রুপেই সিলেট পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম জাহাঙ্গীর লিখেন, ‘ফেঞ্চুগঞ্জ বিপদসীমা ঢাকা বাপাউবো বন্যা পূর্বাভাস কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ৯.৪৫ মিটার (SoB) নতুন করে সংশোধন করা হয়েছে স্যার।’

বন্যা পরিস্থিতির সময় ভূল তথ্য প্রকাশের বিষয়ে যোগাযোগ করা হলে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গ্রুপে বিষয়টি দেখলাম। এটি দুঃখজনক।’ 

তিনি বলেন, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফেঞ্চুগঞ্জ উপজেলায় ২০ টন জিআর চাল বরাদ্দ দেওয়া হবে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, কুশিয়ারা, বিপদসীমা, পানি উন্নয়ন বোর্ড, পাউবো

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ