সিলেটে বৃষ্টি অব্যাহত, আরও ভারী বর্ষণের সতর্কতা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন
সিলেটে গেল কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ১২ ঘণ্টায় আরও ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ফলে ৩৬ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৪ মিলিমিটার।
এদিকে আগামী ২৪ ঘণ্টায়ও বিভাগের অনেক স্থানে বজ্রপাত ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিভাগের অনেক স্থানে বজ্রপাত ও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৮৩ শতাংশ।
বৃষ্টিপাতের হিসাবে, শনিবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৯ দশমিক ২ মিলিমিটার এবং রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইন জানান, বৃষ্টি অব্যাহত রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বর্ষণ হতে পারে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, ভারী বর্ষণ, আবহাওয়ার পূর্বাভাস, সিলেট বৃষ্টিপাত