প্রতিষ্ঠার চার বছর পূর্তি উদযাপন করল সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ১:০৮ অপরাহ্ন
সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান এবং নতুন আজীবন সদস্যদের বরণ করে নেওয়ার আয়োজন করা হয়।
শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় নগরের জিন্দাবাজারে ইমজা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
সিউজার সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকিলা ববির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিউজার উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরী এবং অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েস-এর প্রকাশক ও সিউজার উপদেষ্টা সেলীনা চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম। এ বছর সিউজার ‘প্রেরণা সম্মাননা’ প্রদান করা হয় তার প্রয়াত বাবা আব্দুর রহমান চৌধুরী এবং স্ত্রী রাকিবা মজুমদার তামান্নাকে। তাদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন পরিবারের সদস্য আমানুল আরদ ও আয়রা আমারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রথমবারের মতো সংগঠনের দুইজন আজীবন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস রাখি এবং নারী উদ্যোক্তা ইমরানা বেগম পিংকিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে আজীবন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট শাখার সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সাংবাদিকতা এমনিতেই একটি চ্যালেঞ্জিং পেশা, আর নারীদের জন্য সেই চ্যালেঞ্জ আরও বেশি। তবে সিলেটের নারী সাংবাদিকেরা দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
তিনি বলেন, তার জানা মতে ঢাকার বাইরে নারী সাংবাদিকদের এমন সংগঠন আর কোথাও নেই। সিলেটের নারী সাংবাদিকেরা এই সংগঠন গড়ে তুলে এবং সফলভাবে পরিচালনা করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, স্টার টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, সময় টেলিভিশনের প্রতিবেদক জয়ন্ত কুমার দাস, ইমজা নিউজের স্টাফ রিপোর্টার নয়ন সরকার, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া ইনচার্জ কবির আহমদ, সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার নাজিব আহমেদ, ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ দাশ অয়ন এবং সিউজার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সিউজা, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব , সিলেট, নারী সাংবাদিক, প্রতিষ্ঠাবার্ষিকী , প্রেরণা সম্মাননা, আজীবন সদস্য, সাংবাদিক সংগঠন