নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফ্লাডলাইটের তার চুরি
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন
নিরাপত্তাকর্মী, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও কঠোর নজরদারির মধ্যেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট টাওয়ার থেকে প্রায় ২৪ মিটার বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে। এতে প্রায় ১ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিসিবি সূত্রে জানা গেছে, গত শনিবার রাতের কোনো এক সময় স্টেডিয়ামের চারটি ফ্লাডলাইট টাওয়ারের একটি থেকে তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে ওই টাওয়ারের ফ্লাডলাইট অচল হয়ে রয়েছে।
বাংলাদেশের অন্যতম নান্দনিক ক্রিকেট ভেনু হিসেবে পরিচিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ পর্যন্ত ছয়টি টেস্ট, সাতটি ওয়ানডে ও ১৬টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালের ৬ মার্চ এই মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বাংলাদেশের সফলতম অধিনায়কদের একজন মাশরাফি বিন মুর্তজা। এমন একটি স্মৃতিবিজড়িত ভেনুতেই চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
স্টেডিয়ামের নিরাপত্তায় আনসার সদস্যদের পাশাপাশি একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান দায়িত্ব পালন করছে। পুরো ভেনুতে রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তবু কীভাবে দুর্বৃত্তরা ফ্লাডলাইটের তার কেটে নিয়ে যেতে পারল, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর স্থানীয় থানায় মামলা করেছে বিসিবি। পাশাপাশি বিসিবির নিরাপত্তা কমিটিও স্টেডিয়াম পরিদর্শন করেছে।
বিসিবির পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন, “স্টেডিয়ামে নিরাপত্তাকর্মী, ম্যানেজার—সবাই দায়িত্বে আছেন। রাতের বেলায় নিরাপত্তার দায়িত্ব তো তাঁদেরই। এটি রাষ্ট্রীয় সম্পদ। স্টেডিয়ামের ভেতরে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিসিবির আরেক পরিচালক এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্টেডিয়ামের পাশেই লাক্কাতুরা চা-বাগান রয়েছে, যেখানে নেশাগ্রস্তদের আনাগোনা আছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, এসব ব্যক্তিদের মধ্য থেকেই কেউ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। আমরা থানায় মামলা করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”
তবে এখনো কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি।
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, বিসিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, ফ্লাডলাইটের তার চুরি, সিলেট ক্রিকেট স্টেডিয়াম, বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সিলেটের খবর, ক্রিকেট স্টেডিয়ামে চুরি, এয়ারপোর্ট থানা