১৬ জুলাই ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

শ্রীমঙ্গলে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের দীর্ঘদিনের কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় গ্রামের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রামের কয়েকশ মানুষ অংশ নেন। এ সময় তারা দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান।

 

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কুঞ্জবন গ্রামে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধিরা বারবার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তা আর বাস্তবায়িত হয়নি। ফলে যুগের পর যুগ গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 

 

গ্রামবাসীরা জানান, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো কাদামাটিতে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। কুঞ্জবন গ্রামে দুটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি পাক পাঞ্জাতন মোকাম রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এসব রাস্তা ব্যবহার করলেও বর্ষাকালে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। অনেক সময় প্রসূতি ও গর্ভবতী নারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বাঁশের তৈরি পলো ব্যবহার করতে হয়। কাদামাটির কারণে সিএনজি অটোরিকশা ও টমটমও চলাচল করতে পারে না।

 

মানববন্ধনে গ্রামবাসী সর্দার হারুন মিয়ার বাড়ির সামনে থেকে ইনুছ মিয়ার বাড়ি পর্যন্ত, শ্যামল মাস্টারের বাড়ি থেকে কদ্দুছ মিয়ার বাড়ি পর্যন্ত, মেরাজ মিয়ার বাড়ি থেকে কালাম মিয়ার বাড়ি পর্যন্ত এবং আওয়াল মিয়ার বাড়ি থেকে রহমত আলীর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণের দাবি জানান।

 

মানববন্ধনে বক্তব্য দেন মো. শাহীন মিয়া, মো. সুলেমান, মো. ইয়াকুব মিয়া, মো. জাহাঙ্গীর, মো. জুবায়েল, মো. কদ্দুছ আলী ও মোছা. হাসিনা বেগম।

 

বক্তারা জানান, এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি, যাতে দ্রুত রাস্তাগুলো পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়। মানববন্ধন শেষে গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, মানবন্ধন, কাঁচা রাস্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ