১৬ জুলাই ২০২৬

দৈনন্দিন

সুযোগ পেলে মেয়েদের জন্য আগে কাজ করব: শাবিপ্রবি উপাচার্য

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, আমরা সবাই শাবিপ্রবি পরিবারের সদস্য। পরিবারে নানা ধরনের সমস্যা থাকাটাই স্বাভাবিক। যদি কিছু করার সুযোগ থাকে, তাহলে মেয়েদের জন্যই সেটি আগে করব। কারণ অগ্রাধিকার তালিকায় মেয়েরাই রয়েছে তাদের সমস্যাও তুলনামূলক বেশি।

 

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা সমিতি কর্তৃক আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

শাবিপ্রবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী আমাকে এখানে একজন ‘সার্ভিস প্রোভাইডার’ হিসেবে পাঠিয়েছেন। তাই শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব। ভালো কিছু করতে চাই, শিক্ষার্থীরা পাশে থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

 

বিভাগের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং এখন থেকেই দায়িত্বশীল ও সিরিয়াস হতে হবে। যেকোনো সমস্যা হলে প্রথমে বিভাগের দুইজন ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান, ডিনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের জানাবে। তাদের মাধ্যমে সমাধান না হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে।

 

অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, উপাচার্য, ফল উৎসব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ