সিলেটে পিকআপসহ ভারতীয় চা-পাতা জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় চা-পাতাসহ একটি টাটা ডিআই পিকআপ গাড়ি জব্দ করেছে। উদ্ধারকৃত ২৭ বস্তা চা-পাতার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫ হাজার ২০০ টাকা বলে দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকার পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনাকালে এ চা-পাতা জব্দ করা হয়।
এসএমপি জানায়, ভোররাতে এয়ারপোর্ট বাইপাস থেকে আম্বরখানাগামী একটি টাটা ডিআই গাড়িকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালকসহ অজ্ঞাতনামা ১-২ জন আসামি পুলিশের সংকেত অমান্য করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে আসামিরা এয়ারপোর্ট থানাধীন আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ার মার্কেটের সামনে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় থাকা গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২৭টি বস্তায় মোট ১ হাজার২৬ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোঃ মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি মামলা (মামলা নং-২১) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট, ভারতীয় পণ্য, চা-পাতা জব্দ