২৮ জুলাই ২০২৬

দৈনন্দিন

দ্বিতীয়বারের মতো আজ গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ন

ছবিঃ ফাইল ছবি

১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের আজ গণনা হবে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা। আজ শনিবার সকাল ১০টা থেকে মাজার প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হবে। প্রায় ৭০০ বছরের ইতিহাসে মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানের টাকা গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন–সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও ঐতিহাসিক দানের ডেগে জমা হওয়া টাকা গণনা করান সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

 

মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত ১২ জুন প্রথমবারের মতো উদ্যোগ নেন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর ধারাবাহিকতায় ১৮ জুন মাজার প্রাঙ্গণে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবহৃত তিনটি ঐতিহাসিক দানের ডেগ এবং একটি দানবাক্স সিলগালা করা হয়।

 

এ উদ্যোগকে ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যেই ২১ জুন সারওয়ার আলমকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পরদিন ২২ জুন তিনি মাজারের সিলগালা করা ডেগ ও দানবাক্স খুলে প্রকাশ্যে অর্থ গণনার ব্যবস্থা করেন। ওইদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে অর্থগুলো সোনালী ব্যাংকে খোলা একটি নতুন হিসাবে জমা রাখা হয়।

 

পরবর্তীতে মাজারের আর্থিক কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনতে গত ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

 

গত বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত কমিটির বৈঠকে দানবাক্সের অর্থ পুনরায় গণনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠক শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় অর্থ গণনা করা হবে। গণনা শেষে প্রাপ্ত টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাহজালাল মাজার, দানবাক্স, প্রকাশ্যে গণনা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ