২০ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ১:১৮ অপরাহ্ন


টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির প্রভাবে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বৃহস্পতিবার সকালে মনু নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার এবং ধলাই নদীর পানি ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।


মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, জেলার অন্য দুটি নদী—জুড়ী ও কুশিয়ারা—এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ী নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি ৩১ সেন্টিমিটার নিচে রয়েছে।


এদিকে বৃষ্টিও থামার লক্ষণ নেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়। দিনের প্রথম ভাগে কিছুটা বিরতি থাকলেও দুপুরের পর বৃষ্টির তীব্রতা বাড়ে।


পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, বুধবার বিকেল পর্যন্ত জেলার প্রধান নদীগুলোর কোনোটি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে রাতভর বৃষ্টি ও উজানের পানির কারণে বৃহস্পতিবার সকালে মনু নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার এবং ধলাই নদীর পানি ৩৩ সেন্টিমিটার ওপরে উঠে যায়।


তিনি বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি আরও বাড়ছে। নদীর বাঁক বা ঝুঁকিপূর্ণ স্থানে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, মনু নদী, ধলাই নদী, মনু নদীর পানি, ধলাই নদীর পানি, বিপৎসীমা, মৌলভীবাজার বন্যা, উজানের ঢল, ভারী বৃষ্টি, পানি উন্নয়ন বোর্ড, জুড়ী নদী, কুশিয়ারা নদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ