২০ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / জীববৈচিত্র

তাপদাহে শুকিয়ে যাচ্ছে লাউয়াছড়ার ছড়া, পানির খোঁজে লোকালয়ে বন্যপ্রাণী

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৬ ২:৫২ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে তীব্র তাপদাহের প্রভাব পড়েছে বনের জীববৈচিত্র্যের ওপর। দীর্ঘদিনের গরমে বনের ভেতরের ছোট-বড় ছড়া ও জলাশয়ের পানি কমে যাওয়ায় সুপেয় পানির সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। পানির সন্ধানে অনেক প্রাণী বন ছেড়ে লোকালয়ের দিকে চলে আসছে, এতে মানুষ ও বন্যপ্রাণী—উভয়ের জন্যই ঝুঁকি তৈরি হচ্ছে।


সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখা গেছে, বনের ভেতর দিয়ে প্রবাহিত বেশ কয়েকটি প্রাকৃতিক ছড়ার পানি প্রায় শুকিয়ে গেছে। কোথাও কোথাও ছড়ার তলদেশ দেখা যাচ্ছে। এসব ছড়াই ছিল বনের প্রাণীদের প্রধান পানির উৎস। পানি কমে যাওয়ায় বানর, চশমাধারী হনুমান, হনুমান, মায়া হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখি তীব্র পানির সংকটে পড়েছে।


স্থানীয়রা জানান, পানির খোঁজে অনেক বন্যপ্রাণী এখন বন ছেড়ে আশপাশের লোকালয়ে চলে আসছে। তৃষ্ণা ও অস্বস্তির কারণে কিছু প্রাণীর আচরণ আগের তুলনায় বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে, যা তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।


বনপ্রহরী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পানির সন্ধানে অনেক প্রাণী ঢাকা-সিলেট মহাসড়ক এবং রেললাইন অতিক্রম করে লোকালয়ের দিকে যাচ্ছে। এতে সড়ক বা রেল দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি শিকারিদের কবলেও পড়তে পারে বিরল প্রজাতির এসব প্রাণী।


এদিকে পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে লাউয়াছড়ার মতো প্রাকৃতিক চিরসবুজ বনেও তাপপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। বনের ভেতরে পানি ধরে রাখার স্বাভাবিক সক্ষমতা কমে যাওয়া এবং অনেক ছড়া পলি জমে ভরাট হয়ে পড়ায় সংকট আরও তীব্র হয়েছে। দ্রুত বিকল্প পানির উৎস তৈরি কিংবা কৃত্রিম জলাধার নির্মাণ না করলে পানিশূন্যতা ও অতিরিক্ত তাপের কারণে বিরল বন্যপ্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।


বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক বলেন, তীব্র গরমে বনের অনেক পানির উৎস শুকিয়ে গেছে। বন্যপ্রাণীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বনের গুরুত্বপূর্ণ স্থানে ছোট পুকুর বা জলাধার তৈরি এবং পলি জমে ভরাট হয়ে যাওয়া ছড়াগুলো পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তার মতে, সময়মতো এসব ব্যবস্থা নেওয়া গেলে বন্যপ্রাণীদের পানির সংকট অনেকটাই কমানো সম্ভব হবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

লাউয়াছড়া জাতীয় উদ্যান, লাউয়াছড়া, মৌলভীবাজার, কমলগঞ্জ, তাপদাহ, বন্যপ্রাণী, লাউয়াছড়ার বন্যপ্রাণী, চশমাধারী হনুমান, মায়া হরিণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ