০৮ জুলাই ২০২৬

অনিয়ম-দুর্নীতি

শ্রীমঙ্গলে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সৎ ভাই-বোনদের সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল প্রতিনিধি, সিলেট

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৮:২২ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল গ্রামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার সৎ ভাই-বোনেরা। তবে অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত এসআই হেলাল মিয়া।


মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআই হেলাল মিয়ার সৎ বোন রাহেলা বেগম (৪৮)। এ সময় উপস্থিত ছিলেন তার মা খোদেজা বিবি (৭৩), বোন মোছা. রহিমা বেগম (৪৪) ও ভাই দুলাল মিয়া (৪১)।


লিখিত বক্তব্যে রাহেলা বেগম বলেন, তাদের বাবা মরহুম মোতাব্বির হোসেন মতই জীবদ্দশায় তার মা ও সন্তানদের জন্য বাড়ির ১০ শতক জায়গা নির্ধারণ করে দেন। কিন্তু সৎ ভাই, পুলিশের এসআই হেলাল মিয়া ওই জায়গা দখল করে সেখানে দুটি ঘর নির্মাণ করেছেন। 


তিনি অভিযোগ করেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তার মা হবিগঞ্জের শায়েস্তগঞ্জে বাবার বাড়িতে বসবাস করছেন এবং পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।


তিনি আরও অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণের চেষ্টা করলে এসআই হেলাল ও তার পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এমনকি বিভিন্ন সময় মিথ্যা মামলা ও অভিযোগের ভয় দেখানো হয়। সম্প্রতি তাদের অংশের কয়েকটি গাছও কেটে ফেলার অভিযোগ তোলা হয়।


সংবাদ সম্মেলনে মোছা. রহিমা বেগম বলেন, সম্পত্তি নিয়ে কথা বললেই তাদের বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। ফলে স্থানীয়ভাবে বিচার-সালিশের উদ্যোগও ব্যাহত হচ্ছে। তিনি পৈতৃক সম্পত্তিতে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


অভিযোগ অস্বীকার করেছে এসআই হেলাল মিয়া বলেন, জমি নিয়ে পূর্বে মামলা-মোকদ্দমা ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। মামলার মাধ্যমে তিনি ৫ শতক জমি বৈধভাবে উদ্ধার করেছেন এবং ওই জমির বৈধ মালিক তিনি। বাকি ১০ শতক জমির মালিকানা তার বাবার চার স্ত্রীর সন্তানদের মধ্যে রয়েছে।


তিনি বলেন, তার বিরুদ্ধে পুলিশের প্রভাব খাটানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি হত্যা মামলার আসামিদের সহায়তা করার উদ্দেশ্যে তার সৎ মা ও বোনেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ সম্মেলন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। 


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, জমি দখলের অভিযোগ, এসআই হেলাল মিয়া, মৌলভীবাজার, সংবাদ সম্মেলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ