কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা-মিশর
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন
বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মিশরের। শেষ ষোলোর এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। তাই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। একটি পরাজয়েই শেষ হয়ে যেতে পারে শিরোপা ধরে রাখার স্বপ্ন। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ের ২৯ নম্বরে থাকা মিশরও সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী। ফলে আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।
দুই দলের আগের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৮ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। কায়রোয় অনুষ্ঠিত সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।
ম্যাচটিকে ঘিরে আলোচনায় রয়েছেন দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও মোহামেদ সালাহ। জাতীয় দলের জার্সিতে সম্ভাব্য এই লড়াই নিয়ে সমর্থকদের মধ্যেও রয়েছে বাড়তি আগ্রহ।
মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানান, তিনি দলের একাদশ চূড়ান্ত করেছেন। তবে ম্যাচের আগে তা প্রকাশ করতে চাননি। স্কালোনি বলেন, আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের বিষয়টি জানাইনি, তাই প্রকাশও করছি না। আপনারা যেসব সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছেন, সেগুলো বাস্তবতার খুব কাছাকাছি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
বিশ্বকাপ, ফুটবল, নকআউট