০৭ জুলাই ২০২৬

দৈনন্দিন

কানাইঘাট-জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন


সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে সোমবার (৬ জুলাই) সকালে তারা দুটি হাসপাতাল ঘুরে দেখেন। 

 

পরিদর্শন শেষে জনবল সংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ, অ্যাম্বুলেন্স-সংকটসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় সুপারিশ করার আশ্বাস দেন কর্মকর্তারা।

 

পরিদর্শনকারী দলে ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আখলাক আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দিন এবং ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৫০ শয্যার অবকাঠামো নির্মাণ করা হলেও অনুমোদন না মেলায় দুটি হাসপাতাল এখনও ৩১ শয্যার জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। চিকিৎসক, কনসালটেন্ট ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

 

সম্প্রতি স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে স্বাস্থ্য বিভাগের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে এসব সমস্যা তুলে ধরেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। একই সঙ্গে তিনি বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমন্ত্রণ জানান। 

 

এরই প্রেক্ষিতে সোমবার সকালে প্রতিনিধিদল প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মনের নেতৃত্বে তাদের স্বাগত জানানো হয়। পরে কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

 

এরপর তারা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আব্দুল আহাদ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। 

 

পরিদর্শনের সময় চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ, কর্মকর্তা-কর্মচারীর সংকট, অ্যাম্বুলেন্সের চালকের অভাব এবং অন্যান্য অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরা হয়। স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিনের এসব সমস্যার কারণে চিকিৎসাসেবায় ভোগান্তির কথা জানান।

 

পরে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সীমান্তবর্তী এলাকাগুলোর স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে।

 

তিনি বলেন, এমপির আমন্ত্রণে তারা দুটি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং চিকিৎসক, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। পরিদর্শনে জনবল সংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ, অ্যাম্বুলেন্স চালকের অভাবসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত হয়েছে। এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

 

উপাচার্য আরও বলেন, সিলেট অঞ্চলে নার্স ও স্বাস্থ্য-প্রযুক্তিবিদসহ কারিগরি জনবলের ঘাটতি রয়েছে। স্থানীয় তরুণ-তরুণীরা এসব বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী হলে ভবিষ্যতে নিজ এলাকায় দক্ষ জনবল গড়ে তোলা সহজ হবে। পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য জনবল সংকটও দ্রুত কাটিয়ে ওঠার আশা প্রকাশ করেন তিনি।

 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, হাসপাতালের সমস্যা তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সেবাগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভবতী নারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবসেবার জন্য উৎসাহিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই কানাইঘাট ও জকিগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে এলাকার স্বাস্থ্য খাতের সমস্যাগুলো তুলে ধরা হয়েছে।

 

তিনি বলেন, জকিগঞ্জ উপজেলা জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। শুধু জকিগঞ্জ নয়, কানাইঘাটের পূর্বাঞ্চলের প্রায় দুই লাখ মানুষও এ হাসপাতালের সেবার ওপর নির্ভরশীল। তাই বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, কর্মরত চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ জরুরি।

 

তিনি বলেন, জকিগঞ্জের অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং রোগী নিয়ে সিলেটে যাওয়ার পথে অনেক সময় বিকল হয়ে পড়ে। অন্যদিকে কানাইঘাটে অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই। এ কারণে নতুন অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চালক নিয়োগের দাবি জানান তিনি।

 

মুফতি মোহাম্মদ আবুল হাসান আশা প্রকাশ করেন, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই পরিদর্শনের ফলে দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে এবং কানাইঘাট ওসং জকিগঞ্জের মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। একই সঙ্গে ব্যস্ত সময়ের মধ্যেও হাসপাতাল দুটির বাস্তব চিত্র দেখতে আসায় তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

পরিদর্শনের সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, স্বাস্থ্য বিভাগ, পরিদর্শন, সিলেট-৫ আসন, সংসদ সদস্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ