২৯ জুন ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে আনসার পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেপ্তার দুজন বাহিনীর সদস্য নন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জুন, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ন


সিলেটে আনসার সদস্য পরিচয়ে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য নন বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘সিলেটে আনসার পরিচয়ে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২’ শীর্ষক সংবাদের পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ডাকাতির অভিযোগে গ্রেপ্তার সাইফ আহমেদ রাজ ও আসকান মিয়া বাহিনীর কোনো প্রশিক্ষণপ্রাপ্ত, তালিকাভুক্ত বা কর্মরত সদস্য নন।

অনুসন্ধানে আরও জানা যায়, সাইফ আহমেদ রাজ নিজ উদ্যোগে একটি বুলেটপ্রুফ ভেস্ট তৈরি করে তাতে ‘আনসার-ভিডিপি’ লিখে ব্যবহার করতেন। এছাড়া তার ব্যবহৃত স্মার্ট পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

বাহিনী জানায়, পুলিশের জব্দ করা ওয়াকিটকি, হ্যান্ডকাফ, দুটি চাবি ও মোবাইল ফোন তিনি ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছিলেন। তিনি সিলেট জেলার কোতোয়ালি থানার বাগবাড়ি এলাকার এতিম স্কুল রোডের ছালেহা টাওয়ারে কয়েক মাস ধরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফ আহমেদ রাজ প্রায়ই আনসার ও ভিডিপির পোশাক পরে চলাফেরা করতেন এবং নিজেকে আনসার সদস্য হিসেবে পরিচয় দিতেন। তবে তার সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক নেই।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি অননুমোদিতভাবে বাহিনীর ইউনিফর্ম, পরিচয়পত্র ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে, যা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

এ অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাহিনী বলেছে, ইউনিফর্ম, পরিচয়পত্র বা বাহিনীর সরঞ্জাম ব্যবহার করে কোনো ব্যক্তি সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে মনে হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং বাহিনীর সুনাম ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা বদ্ধপরিকর।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, আনসার, গ্রেপ্তার,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ